Skip to content
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তথ্যপ্রযুক্তি

আউটলুক বিভ্রাটের পর মাইক্রোসফটকে মার্কিন কর্মকর্তার খোঁচা

Facebook X WhatsApp Telegram

সম্প্রতি বিশ্বজুড়ে মাইক্রোসফটের ই-মেইল সেবা ‘আউটলুক’ বন্ধ হয়ে যাওয়ার পর প্রতিষ্ঠানটিকে তীব্র কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি প্রশ্ন তুলেছেন, হাজার হাজার বিদেশি কর্মীর কাজের ভিসার আবেদন যারা এত দ্রুত জমা দিতে পারে, তাদের নিজস্ব ই-মেইল সেবা ঠিক করতে এত সময় লাগে কেন?

গত ১৩ নভেম্বর আউটলুক সেবা পুনরায় সচল হওয়ার পর মার্কিন শ্রম দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিতো এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আউটলুক ফিরে এসেছে। মাইক্রোসফট ৬ হাজার এইচ-১বি (বিদেশি দক্ষ কর্মীদের কাজের ভিসা) আবেদন দ্রুত সামলাতে পারে, কিন্তু নিজেদের ইনবক্স সচল করাটা মনে হচ্ছে তাদের জন্য বেশ কঠিন কাজ!

তার এই খোঁচা দেওয়ার পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। সম্প্রতি মাইক্রোসফট তাদের নিজস্ব প্রায় ৬ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে। অথচ ঠিক একই সময়ে তারা বিদেশ থেকে দক্ষ কর্মী আনতে প্রায় ৬ হাজার ৮০০ ভিসার আবেদন জমা দেয়। দেশের নাগরিকদের চাকরিচ্যুত করে বিদেশিদের ওপর এই নির্ভরশীলতার কারণে আগে থেকেই মার্কিন সরকারের সমালোচনার মুখে রয়েছে মাইক্রোসফট।

এই বিতর্কের জেরে গত অক্টোবরে মার্কিন শ্রম দপ্তর মাইক্রোসফটসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি বিশেষ সুবিধা স্থগিত করে দেয়। ওই সুবিধার মাধ্যমে বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিত প্রতিষ্ঠানগুলো।

উল্লেখ্য, সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে বিশ্বের ৭০টির বেশি দেশে মাইক্রোসফটের আউটলুক, টিমস ও কোপাইলটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে অবশ্য তা ঠিক করা হয়।

তবে মাইক্রোসফট দাবি করেছে, এই কারিগরি ত্রুটির সঙ্গে তাদের বিদেশি কর্মী নিয়োগ বা ভিসা আবেদনের কোনো সম্পর্ক নেই। সংবাদমাধ্যম নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ কথা জানান।

ভিসা আবেদনের বিষয়ে মাইক্রোসফট আগেই জানিয়েছিল। তারা নতুন করে বিদেশ থেকে কর্মী আনছে না; বরং আগে থেকে যেসব বিদেশি কর্মী তাদের কোম্পানিতে কাজ করছেন, মূলত তাদের কাগজপত্রের জন্যই এই আবেদনগুলো করা হয়েছিল।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *