টাইর্যানোসরাস রেক্স (টি. রেক্স) ডাইনোসরের ছোট আত্মীয় হিসেবে পরিচিত ‘ন্যানোটাইর্যানাস’-এর একটি বিরল পূর্ণাঙ্গ কঙ্কাল নিউইয়র্কের সোথবিস নিলাম কেন্দ্রে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। ‘জোডি’ নামের এই কঙ্কালটি নিলামে এ যাবৎকালে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের জীবাশ্মগুলোর একটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জোডিকে নিয়ে ১২ মিনিটের এক তীব্র নিলাম যুদ্ধে অংশ নেন ছয়জন আগ্রহী ক্রেতা। এর দাম প্রাক-নিলাম অনুমানের চেয়ে অনেক বেশি।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, কঙ্কালটির দাম ৬০ লাখ থেকে ৯০ লাখ ডলারের মধ্যে হতে পারে। এর আগে গত জুলাইয়ে ‘গাস’ নামের একটি টি. রেক্স ডাইনোসরের কঙ্কাল ৫ কোটি ১ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা এখন পর্যন্ত ডাইনোসরের জীবাশ্ম বিক্রির সর্বোচ্চ রেকর্ড।
বিজ্ঞানীদের জানা মতে, বিশ্বে এখন পর্যন্ত ন্যানোটাইর্যানাসের মাত্র তিনটি প্রায় পূর্ণাঙ্গ কঙ্কাল আবিষ্কৃত হয়েছে, যে কারণে জোডির দাম এত বেশি। ৯ দশমিক ৬ ফুট উচ্চতা এবং ১৯ দশমিক ৬ ফুট দৈর্ঘ্যের এই কঙ্কালটি আকারে গাসের প্রায় অর্ধেক।
সোথবিস জানিয়েছে, জীবাশ্মটিতে ১৯১টি হাড়ের অংশ এবং একটি প্রায় সম্পূর্ণ মাথার খুলি রয়েছে। এর আকার ও হাড়ের গঠন প্রমাণ করে যে এটি একটি পূর্ণবয়স্ক ডাইনোসর ছিল।
ন্যানোটাইর্যানাস ডাইনোসরের আলাদা কোনো প্রজাতি, নাকি এটি টি. রেক্সের একটি বাচ্চা রূপ—তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। তবে ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় ন্যানোটাইর্যানাসকে আলাদা প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো প্রমাণ পাওয়া যায়। এরপর থেকেই জোডির মতো কঙ্কাল নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ আরও বেড়ে যায়। ২০১৯ সালে মন্টানার এক খামারি জোডি পিয়ারসন এটি আবিষ্কার করেন এবং তার নামানুসারেই কঙ্কালটির নামকরণ হয়। পরে ‘ডাইনোসর কাউবয়’ হিসেবে পরিচিত বাণিজ্যিক জীবাশ্মবিদ ক্লেটন ফিপস এটি খনন করে তোলেন।
তবে নিলামে বিপুল দামে এই কঙ্কাল বিক্রির ঘটনায় বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এমন গুরুত্বপূর্ণ জীবাশ্মগুলো যদি ব্যক্তিগত সংগ্রহে চলে যায়, তবে সেগুলো গবেষণার কাজে আর পাওয়া যাবে না। নিলামে জোডির কিছু হারানো হাড় থ্রিডি প্রিন্ট ও ভাস্কর্য দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। নতুন মালিকের পরিচয় গোপন রাখা হলেও তিনি চাইলে এই কঙ্কালের রেপ্লিকা তৈরি করে বিক্রি করতে পারবেন।




