পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার লাল-সবুজের সমর্থকদের স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল পাকিস্তান। গতিময় ফুটবলের রোমাঞ্চে ভরপুর সেমিফাইনালের শুরু থেকেই দুই দল মেলে ধরেছিল দারুণ আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা। গোলের সুযোগ এসেও নষ্ট হয়েছে বারবার, প্রথমার্ধে তো পোস্টের বাধা টপকাতে পারেনি কেউই।
কিন্তু খেলার ভাগ্য নির্ধারণ হলো একেবারে শেষ মুহূর্তে এসে।
দ্বিথীয়ার্ধের নির্ধারিত সময় পেরিয়ে যোগ করা সময়ে ঘটে আসল বিপত্তি। বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট একটি ভুলের পূর্ণ সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তানের হয়ে জয়সূচক গোলটি আদায় করে নেন আব্দুল সামাদ শেহজাদ। আর তাতেই ১-০ গোলের হার নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন চিরতরে ভেঙে চুরমার হয়ে যায় বাংলাদেশের।
খেলার শেষ মুহূর্তের এই নাটকীয়তায় হতাশা আর ক্ষোভে ফুঁসে ওঠেন গ্যালারির দর্শকরা। সম্ভাব্য হারের হতাশায় হঠাৎই মাঠের দিকে রঙিন আতশবাজি ছুঁড়তে শুরু করেন সমর্থকরা। মুহুর্মুহু আতশবাজির ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো স্টেডিয়ামের সবুজ চত্বর, ফলে খেলা বন্ধ রাখতে হয় টানা তিন মিনিট।
পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে খেলা গড়ালেও মাঠে উত্তেজনার পারদ নামেনি একটুও। বলের নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বনাথ ঘোষের সাথে একপ্রস্থ ঝামেলা বাঁধে পাকিস্তানি খেলোয়াড়দের। সেই উত্তেজনা থিতিয়ে আসার রেশ কাটতে না কাটতেই কর্নার পতাকার কাছাকাছি জায়গায় গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন জিদান। তবে রেফারি সময়োপযোগী ও দ্রুত হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
সব মিলিয়ে রোমাঞ্চ, ভুল, উত্তেজনা আর নাটকীয়তায় ভরা এই লড়াই শেষে ১-০ বা হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। অন্যদিকে, গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-২ গোলে হেরে আসর শুরু করা পাকিস্তান এই জয় আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আগামী মঙ্গলবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।
জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচের প্রথমার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ ছড়িয়েছিল দুই দলই। তবে আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতা এবং দুর্ভাগ্যের কারণে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও পাকিস্তান।
ম্যাচ শুরুর পর থেকেই গ্যালারিজুড়ে হাজার হাজার দর্শকের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও আজ পাকিস্তানের বিপক্ষে সমানে সমান লড়েছে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে।
খেলার বয়স যখন মাত্র দুই মিনিট, তখনই ভুল করে বসেন ডিফেন্ডার শমিত। সেই সুযোগে পাকিস্তানের ফরোয়ার্ড আল উজাইর শট নিলেও দারুণ দক্ষতায় তা লুফে নেন বাংলাদেশ গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। এর মাত্র পাঁচ মিনিট পর বাংলাদেশের পক্ষে আক্রমণ শানান কাজেম শাহ। তবে পাকিস্তানী গোলরক্ষক ইউসুফ বাট প্রতিহত করেন সেই শট।
ম্যাচের ২৩ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। আগের ম্যাচে দুর্দান্ত গোল করা ফারহান আলী ওয়াহিদ কর্নার নেন। সেই বল শামিত হয়ে চলে যায় রাকিব হোসেনের পায়ে। রাকিবের নেওয়া জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে এলে হতাশা নামে গ্যালারিতে। এর দুই মিনিট পর বাংলাদেশের রক্ষণভাগে ভুল করেন ডিফেন্ডার রহমত মিয়া। পাকিস্তানী ফরোয়ার্ড উজাইরের নেওয়া শট আবারও রুখে দেন গোলরক্ষক শ্রাবণ।
খেলার ৩২ মিনিটে দুর্ভাগ্যের শিকার হয় পাকিস্তানও। ডিফেন্ডার তারিক কাজী ঠিকমতো মার্কিং করতে না পারায় সুযোগ পেয়ে যান পাকিস্তানী ফরোয়ার্ড আব্দুল সামাদ শেহজাদ। তার শটও গোলপোস্টে লেগে ফেরত এলে বেঁচে যায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মুহূর্তে একচল্লিশ মিনিটে সুকির বাম পায়ের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে গোলের খাতা খোলা হয়নি।





