Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তথ্যপ্রযুক্তি

মহাকাশে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা তৈরি করলেন চীনের বিজ্ঞানীরা

Facebook X WhatsApp Telegram

চীনের মহাকাশকেন্দ্রে বিজ্ঞানীরা ইতিহাসের সবচেয়ে শীতল বা সর্বনিম্ন তাপমাত্রা তৈরি করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। মহাবিশ্বের গড় তাপমাত্রার চেয়ে প্রায় ২৮ হাজার কোটি (২৮০ বিলিয়ন) গুণ বেশি শীতল এই তাপমাত্রা তৈরি করা হয়েছে তিয়াংগং মহাকাশকেন্দ্রে। মহাকাশে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের গবেষণায় এটি একটি বড় ধরনের অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’-এ প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, মহাকাশকেন্দ্রের মেংতিয়ান ল্যাবরেটরি মডিউলে থাকা ‘কোল্ড অ্যাটম ফিজিক্স র‌্যাক’ ব্যবহার করে বিজ্ঞানীরা ২০ হাজার রুবিডিয়াম পরমাণুকে চরমভাবে শীতল করেন। এর মাধ্যমে তারা ৯.৭ পিকোকেলভিন তাপমাত্রা অর্জন করতে সক্ষম হন, যা পরম শূন্য তাপমাত্রার (অ্যাবসলিউট জিরো) চেয়ে এক ডিগ্রির দশ ভাগের এক ভাগের চেয়েও কম।

এই চরম শীতল পরিবেশে পরমাণুগুলো ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’ বা পদার্থের পঞ্চম অবস্থা তৈরি করে। কঠিন, তরল, বায়বীয় ও প্লাজমার বাইরে এটি এমন এক অবস্থা, যেখানে পরমাণুগুলো কোনো বাধা ছাড়াই কোয়ান্টাম তরঙ্গের মতো প্রবাহিত হতে পারে।

১৯২৪ সালে বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু এবং বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রথম পদার্থের এই অদ্ভুত অবস্থার তাত্ত্বিক ধারণা দিয়েছিলেন।

পৃথিবীতে মাধ্যাকর্ষণ বলের কারণে অতি-শীতল পরমাণুকে দীর্ঘ সময় স্থিতিশীল রাখা কঠিন হয়ে দাঁড়ায়। এ কারণেই পরীক্ষার জন্য মহাকাশের ওজনহীন পরিবেশ বেছে নেওয়া হয়েছে। সেখানে বিজ্ঞানীরা পরমাণুর মেঘটিকে পুরোপুরি ৭ সেকেন্ড ধরে বাধাহীনভাবে প্রসারিত হতে পর্যবেক্ষণ করতে পেরেছেন।

মূলত চরম পরিস্থিতিতে পদার্থবিজ্ঞানের মৌলিক নিয়মগুলো কীভাবে কাজ করে এবং পরিবর্তিত হয়, তা বিস্তারিত বুঝতেই বিজ্ঞানীরা এমন নিম্ন তাপমাত্রা নিয়ে কাজ করেন। তাদের মতে, এই সাফল্য মহাকাশে কোয়ান্টাম সিমুলেশন ও নিখুঁত পরিমাপের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এর আগে ২০২১ সালে জার্মানির লাইবনিজ ইউনিভার্সিটি হ্যানোভারের কোয়ান্টাম পদার্থবিদ আর্নস্ট রাসেলের দল সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়েছিল। নতুন এই সাফল্যের জন্য চীনা বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *