বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় মূল্যস্ফীতি অনেক বেশি ছিল। সে সময় নীতি সুদহারও বেশি রাখতে হয়েছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় নীতি সুদহার কয়েক বেসিস পয়েন্ট কমানো হয়েছে। মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি, তা আরও কমানোর চেষ্টা চলছে।
শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, মূল্যস্ফীতির একটি বড় উপাদান হলো বিনিময় হারের অবমূল্যায়ন। গত ১০ বছরে টাকার মান প্রায় ৬০ শতাংশ কমেছে, অর্থাৎ প্রতিবছর গড়ে ৬ শতাংশ। আমদানি করা পণ্য ছাড়াও দেশের উৎপাদনে ব্যবহৃত আমদানি করা কাঁচামালের দাম বেড়েছে। বিনিময় হারের এই অবমূল্যায়নের প্রভাব শেষ পর্যন্ত পণ্যের দামে গিয়ে পড়ে।
তিনি বলেন, প্রকৃত কার্যকর বিনিময় হার (রিয়েল ইফেকটিভ এক্সচেঞ্জ রেট) হিসাবের ক্ষেত্রে অনেকেই ২২ থেকে ২৩ ধরে থাকেন। তবে এটি ১৫ ধরে হিসাব করলে পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া যাবে।
মো. মোস্তাকুর রহমান বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিস্থিতি ভালো ছিল না। বেসরকারি খাতসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রেও নেতিবাচক অবস্থা বিরাজ করছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংক খাতের সংকট। এ খাত থেকে এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়ে গেছে।
ব্যাংক খাতের সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এ খাত পুনর্গঠনে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দেওয়ার অনুরোধ জানিয়েছি। পাঁচ থেকে আট বছর এ অর্থ দিতে হতে পারে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ, এর দায় নিতে হবে পরবর্তী প্রজন্মকে।
ব্যাংকারদের উদ্দেশে গভর্নর বলেন, আমদানিকারকরা ব্যাংক থেকে যে দামে ডলার কেনেন, তার সঙ্গে ব্যাংকের মুনাফার একটি অংশ যুক্ত থাকে। এ জায়গায় কিছুটা ছাড় দেওয়া গেলে আমদানিকারকের খরচ কমবে। ডলারের দাম ৫০ পয়সা কমলেও তার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়তে পারে। তাই ব্যাংকগুলোকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।





