পবিত্র রমজান শুরু হতে এখনো মাস তিনেক সময় বাকি। এরই মধ্যে বাড়তে শুরু করেছে রোজায় বহুল ব্যবহৃত পণ্য ছোলার দাম। রাজধানীর খুচরা বাজারে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। একই সঙ্গে বেড়েছে ছোলার ডালের দামও। আগাম এই মূল্যবৃদ্ধিতে রমজানের আগেই বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন ভোক্তারা।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ দোকানে ভালো মানের ছোলার কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। সাধারণ মানের ছোলার কেজি বিক্রি হচ্ছে ১১০ টাকার আশপাশে। অথচ চলতি মাসের শুরুতেও ছোলা ১০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ছোলার ডালের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কোথাও কোথাও আরও বেশি দামে বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের বিপ্লব স্টোরের ব্যবসায়ী মো. সোলেয়মান হোসেন বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেড়েছে। চলতি মাসের শুরুতে যে ছোলা ৯৫ টাকায় বিক্রি করেছি, এখন তা বেড়ে ১১০ টাকা হয়েছে। মানভেদে ছোলা এখন ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাধারণ মানেরটাই এখন আমাদের কেনা পড়ছে ১০০ টাকার ওপরে।
কদমতলীর মিলন স্টোরের খুচরা বিক্রেতা মো. মিলন হোসেন বলেন, আড়তে হঠাৎ দাম বেড়ে গেছে। ভালো মানের ছোলার ৩০ কেজির বস্তা আগে যেখানে ৩ হাজার ৮০ টাকায় কেনা পড়ত, এখন তা বেড়ে ৩ হাজার ৪২০ টাকা হয়েছে। এতে প্রতি কেজি কেনা পড়ছে ১১৪ টাকা। পরিবহনসহ অন্যান্য খরচ মিলিয়ে এ ছোলা খুচরায় বিক্রি করছি ১২০ টাকা কেজি দরে। এর চেয়ে কমে বিক্রি করলে পোষাবে না।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সর্বশেষ বাজারদরের তথ্যেও ছোলার মূল্যবৃদ্ধির চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, রাজধানীর বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। এক মাস আগে একই পণ্যের সর্বনিম্ন মূল্য ছিল ১০০ টাকা। টিসিবির হিসাবে, এ সময়ে ছোলার দাম গড়ে প্রায় ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
রোজার মৌসুম ঘিরে ছোলার দাম বেড়ে যাওয়ার প্রবণতা নতুন নয়। প্রতি বছর রমজান মাসকে কেন্দ্র করে ইফতারে বহুল ব্যবহৃত এ খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। বাজারের এমন প্রবণতার কঠোর সমালোচনা করছেন বাজার বিশ্লেষকরাও। রমজানের আগে অসাধু ব্যবসায়ীরা নানা অজুহাতে যাতে ধাপে ধাপে পণ্যের দাম বাড়াতে না পারে সে জন্য এখনই কড়া নজরদারির দাবি জানিয়েছেন তারা।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান কালবেলাকে বলেন, বাজার নজরদারিতে ব্যাপক ঘাটতি রয়েছে। এর সুযোগ নিয়ে নানা অজুহাতে দাম বাড়িয়ে অল্প সময়ে অতিরিক্ত মুনাফা তুলে নিতে মরিয়া অসাধু ব্যবসায়ীরারা। বিশেষ করে রোজার সময় এটা বেশি দেখা যায়। এখন রোজার আগেই ধাপে ধাপে দাম বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। রোজার বাকি তিন মাস, অথচ এখনই ছোলার দাম কেজিতে ১৫-২০ টাকা বাড়ানো হয়েছে। কৃত্রিম সংকট তৈরির আশঙ্কাও রয়েছে। আমদানি ও সরবরাহ পর্যায়ে ছোলার প্রকৃত মূল্য কতো তা যাচাই প্রয়োজন। বিভিন্ন মানের ছোলা রয়েছে। বলা হচ্ছে বুকিং মূল্য বেড়েছে, কিন্তু আমরা জানি আমদানি পর্যায়ে অনেকগুলো মানের ছোলা রয়েছে। ব্যবসায়ীরা যেটা আনছেন সেটার মূল্য ততটা বাড়েনি যতটা ব্যবসায়ীরা বলছেন। তাই বিভিন্ন মানের ছোলার মূল্য আলাদাভাবে খতিয়ে দেখতে হবে।
তিনি আরও বলেন, রোজায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের তেমন প্রস্তুতি দেখা যাচ্ছে না। সরকারের উচিত ছিল ছোলা, খেজুরসহ রোজার পণ্যগুলোর ব্যবসায়ীদের সঙ্গে আরও আগে বসার। পাশাপাশি বাজারে নজরদারি আরও বাড়ানো উচিত। কেবল বাজারে অভিযান চালালে হবে না। আমদানি থেকে শুরু করে পাইকারি ও খুচরা পর্যায় পর্যন্ত কেনাবেচা, মজুত ও সরবরাহের তথ্য নিয়মিত নজরদারিতে রাখতে হবে। এতে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা কৃত্রিম সংকট হচ্ছে কি না তা বেরিয়ে আসবে।
জানা গেছে, বাংলাদেশে আমদানি করা ছোলার বেশিরভাগ আসে অস্ট্রেলিয়া থেকে। পাশাপাশি ভারত থেকেও কিছু ছোলা আমদানি হয়ে থাকে। সাধারণ সময়ে দেশে প্রতি মাসে ছোলার চাহিদা থাকে ১০ থেকে ১২ হাজার টন। কিন্তু রমজানে তা বেড়ে ৮০ হাজার থেকে প্রায় ১ লাখ টনে পৌঁছায়। ফলে বাড়তি চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগে থেকেই আমদানি ও মজুতের প্রস্তুতি নেন ব্যবসায়ীরা। রমজান উপলক্ষে ব্যবসায়ীরা প্রায় দুই মাস আগে থেকেই ছোলা আমদানি শুরু করেন। আমদানিকারকরা বলছেন, এবার আমদানির সময় আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং মূল্য বাড়তি ছিল। পাশাপাশি আমদানি ও পরিবহন ব্যয়ও বেড়েছে। এ জন্যই দেশের বাজারেও দাম হঠাৎ বেড়েছে।
রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে বিক্রি হওয়া ছোলা যখন আমদানি হয়েছে তখন আন্তর্জাতিক বাজারে বুকিং মূল্য বাড়তি ছিল। প্রতি টন ছোলার বুকিং মূল্য ৮৫০ ডলার পর্যন্ত উঠেছিল। বর্তমানে কিছুটা কমে এলেও ৮০০ ডলারের ওপর রয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফি মাহমুদ কালবেলাকে বলেন, আমদানি সন্তোষজনক রয়েছে। তবে বুকিং মূল্য বেড়ে গেছে। বুকিং মূল্য ৬৫০ থেকে বেড়ে ৭০০ ডলার; বর্তমানে আরও বেড়ে ৮০০ ডলারে রয়েছে। এটা আরও বাড়ার প্রবণতা রয়েছে। এর সঙ্গে জাহাজ ভাড়া ও পরিবহন ব্যয়ও বেড়েছে। এর প্রভাব স্থানীয় বাজারে পড়ছে।
এদিকে ছোলার মূল্যবৃদ্ধিতে রোজায় বাজার খরচ নিয়ে এখনই দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ ভোক্তারা। কথা হলে তেজগাঁও এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মো. মোস্তাক আহমেদ বলেন, রমজান আসার তিন মাস আগেই ছোলার দাম বাড়ছে। রোজার আগে অন্যান্য পণ্যের দাম বাড়ার প্রবণতা তো আছেই। প্রতি বছর এটা যেন রীতিতে পরিণত হয়েছে। রমজান মাস এলেই বাজার খরচ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। সরকারের উচিত রোজার মাসে বাজারে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য এখনই নজরদারি কড়াকড়ি করা, যাতে অযৌক্তিকভাবে কেউ দাম না বাড়াতে পারে বা কৃত্রিম সংকট তৈরি না করতে পারে।




