জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ডসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর ঝাউডাংগা বিওপির একটি টহলদল ঢাকা–রৌমারী মহাসড়কের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক পাচারের তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।
অভিযানে মদের চালান বহনে ব্যবহৃত টয়োটা প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ডসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দ করা মাদকদ্রব্য, প্রাইভেটকার ও অন্যান্য মালামালসহ তাঁদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
