মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের মুক্তাগাছায় গত ২৪ ঘণ্টায় থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে উপজেলার ধীতুয়া এলাকায় জনৈক সূর্যের খাদ্য মিলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য দুই হাজার টাকা।
অন্যদিকে, উপজেলার দাওগাঁও এলাকায় একটি নির্মাণাধীন বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া মুক্তাগাছা পৌরসভার মধ্যহিস্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশ আইনের ৩৪ ধারায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী অভিযান, জুয়া প্রতিরোধ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষায় চলমান রয়েছে।
