নিজস্ব প্রতিবেদক
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়ার বিশেষ অভিযানে ডিজিটাল ওয়ালেট ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ই-ট্রানজেকশনের অভিযোগে ৩ জন গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪ টার সময় বগুড়া মহানগরের কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতা নাজিম উদ্দিন (৪২) এর সহযোগী মোঃ ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১) কে, গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও ৫টি সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfxসহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া যায়।
প্রাথমিকভাবে জানা যায়, আসামীরা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে, অর্থ সংগ্রহ করে অবৈধ ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতারণা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর থানায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
