নিজস্ব প্রতিবেদক
৮০ পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার; পৃথক অভিযানে চোর চক্রের এক সদস্য গ্রেপ্তার
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৫০ গ্রাম গাঁজাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনায় চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অন্যদিকে, ‘রেডিয়াস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের প্রতিষ্ঠানের ফায়ার অ্যালার্ম ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের গোডাউনে সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
