মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত মারামারির ঘটনায় মিল্টন মল্লিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) ভোর ৫টার দিকে পূর্ব মাকহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল মোল্লাকান্দি ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাকহাটি এলাকার মৃত বারেক মল্লিকের ছেলে মিল্টন মল্লিক (৪৭), টরকি এলাকার সৈয়দ আব্দুল হামিদের ছেলে মো. নুরন্নবী (৩৭) এবং পূর্ব মাকহাটি এলাকার দ্বীন ইসলাম বেপারীর ছেলে মো. আল আমিন বেপারী (২৩)। তাঁদের সবার বাড়ি মুন্সীগঞ্জ থানা ও জেলার সংশ্লিষ্ট এলাকায়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিল্টন মল্লিকের বিরুদ্ধে ১৪টি এবং নুরন্নবীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
