নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে ভোরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় কুয়াকাটা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বাসচালকসহ ৯ জন; হাসপাতালে নেওয়ার পর আরও ৫ জনের মৃত্যু হয়। আহত অন্তত ৩০ জন, অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে রয়েছেন ৮ বছরের শিশু আহুদিয়াও। জেলা প্রশাসক ১৪ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা — ভোরে চালক হয়তো ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন; ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।”
