সান বাংলা নিউজ ডেস্ক:
পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।
সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, মানবাধিকার এবং সম্পত্তি দখলকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা নিয়ে কথা বলেন আইজিপি।
আইজিপির দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান নির্বাচিত সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ১০ ধরনের অপরাধের মধ্যে ৮ ধরনের অপরাধ কমেছে। একই সময়ে থানায় মামলা করার সুযোগ বৃদ্ধি এবং মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় মামলার মোট সংখ্যাও বেড়েছে বলে জানান তিনি।
রাজধানীর মিরপুর, আদাবর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় জমি ও বাড়ির দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি।
তিনি জানান, মিরপুরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় ১৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে। আর আদাবরের ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইজিপি বলেন, অপরাধ ঘটার পর মামলা ও গ্রেপ্তারই পুলিশের একমাত্র দায়িত্ব নয়। অপরাধের আগেই ঝুঁকি শনাক্ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াও পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, জমি বা বাড়ির মালিকানা নিয়ে বিরোধের সমাধান হতে হবে আইনি প্রক্রিয়ায়। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অতীতের অন্যায়ের অজুহাতে কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।
আইজিপির স্পষ্ট বার্তা—অপরাধী যে পরিচয়েরই হোক, আইন সবার জন্য সমান। আর জনগণের আস্থা অর্জন করেই পুলিশকে সামনে এগিয়ে যেতে হবে।
সান বাংলা নিউজ।
