সুমন উদ্দীন, দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরূং ইউনিয়নের গোলছড়ি এলাকায় কিয়াংঘর (বৌদ্ধ বিহার) নির্মাণের নামে এক বাঙালির জমি দখলের অপচেষ্টাকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (০৭ অক্টোবর) গোলছড়ি এলাকায় কিয়াংঘর নির্মাণের অজুহাতে কতিপয় পাহাড়ি দুষ্কৃতকারী স্থানীয় এক বাঙালির জায়গা দখলের চেষ্টা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা তৈরি হয়।
ঘটনার খবর পেয়ে দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন (এসইউপি, পিএসসি)-এর তাৎক্ষণিক নির্দেশনায় বেতছড়ি আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল দ্রত ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাসদস্যরা দুই পক্ষকে শান্ত করে পরিবেশ পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উক্ত বিরোধপূর্ণ জমিতে সকল প্রকার নির্মাণকাজ ও কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বিষয়টি সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আগামী মঙ্গলবার প্রয়োজনীয় যাবতীয় নথিপত্রসহ উভয়পক্ষকে দীঘিনালা জোন সদরে উপস্থিত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
