Skip to content
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
তথ্যপ্রযুক্তি

মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে দেশের বাইরে এনভিডিয়ার এআই চিপের মজুত গড়ছে চীন

Facebook X WhatsApp Telegram

মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের গুপ্তচর কেলেঙ্কারির জেরে যেকোনো সময় নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে চীনের প্রযুক্তি কোম্পানিগুলো। এই আশঙ্কায় তারা আগেভাগেই চীনের বাইরের ডেটা সেন্টারগুলোতে এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপনির্ভর ক্লাউড কম্পিউটিং সুবিধা ভাড়ায় নিশ্চিত করার চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে যুক্ত তিনটি সূত্রের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্য বজায় রাখতে এনভিডিয়ার সর্বাধুনিক এআই চিপ চীনে রপ্তানির ওপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে। তবে চীনা কোম্পানিগুলো দেশের বাইরের ডেটা সেন্টারে কম্পিউটিং সুবিধা ভাড়া নিয়ে দূর নিয়ন্ত্রণের (রিমোট কন্ট্রোল) মাধ্যমে এই চিপগুলো ব্যবহার করতে পারে।

সূত্রগুলো জানিয়েছে, চীনের একটি বড় ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান বিদেশে এনভিডিয়ার চিপ সুবিধা নিশ্চিত করা যায় কি না, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। এছাড়া চীনের ছোট ছোট এআই গবেষণাগারগুলোও দক্ষিণ-পূর্ব এশিয়ায় কম্পিউটিং সুবিধা ভাড়ার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।

চীনা কোম্পানিগুলোর ভয়, জেনসেন হুয়াংয়ের কেলেঙ্কারির কারণে যুক্তরাষ্ট্রের ‘রিমোট অ্যাকসেস সিকিউরিটি অ্যাক্ট (রাসা)’ বিলটি রাজনৈতিকভাবে আরও জোরালো হতে পারে। বিলটি পাস হলে মার্কিন বাণিজ্য দপ্তর দূর নিয়ন্ত্রণের মাধ্যমে প্রযুক্তির ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করতে পারবে।

গত জানুয়ারিতে মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়েছে এবং এখন এটি সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিদেশের ক্লাউড সার্ভারের ওপর বিধিনিষেধ আরোপ করা হলে চীনা ডেভেলপারদের জন্য সরাসরি চিপ আমদানি ছাড়া উচ্চ ক্ষমতার কম্পিউটিং সুবিধা পাওয়া অনেক কঠিন হয়ে পড়বে।

গত রোববার এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং তার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, অভিযুক্ত নারীর নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড-কম্পিউটিং কোম্পানি মেগাস্পিডের সাবেক কর্মকর্তা।

মার্কিন কর্তৃপক্ষের ধারণা, তিনি চীনের গুপ্তচর। তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে। এই কেলেঙ্কারির জেরে চীনের চোরাই বাজারেও (গ্রে-মার্কেট) এনভিডিয়ার এআই চিপের চাহিদা বেড়েছে এবং ব্যবসায়ীরা চিপ মজুত করতে শুরু করেছেন।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *