পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
রোজিনা আক্তার তিশা
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। আজিমপুর থেকে বিমানবন্দরমুখী সড়কসহ উত্তরা এলাকার বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, যাত্রী ও পথচারীরা।
বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তাঁরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আন্দোলন বিমানবন্দরমুখী সড়কেও ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে।
আন্দোলনরত শ্রমিকদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। পাশাপাশি বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিও জানিয়েছেন তাঁরা।
সড়ক অবরোধের কারণে দীর্ঘ সময় যানবাহন আটকে থাকে। অনেক যাত্রীকে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বেলা দেড়টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
শ্রমিকদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
