Skip to content
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

ইরানের হামলা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যের ৩ দেশে বাঙ্কার নির্মাণ যুক্তরাষ্ট্রের

Facebook X WhatsApp Telegram

ইরানের হামলা থেকে বাঁচতে মধ্যপ্রাচ্যে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের সুরক্ষায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাঙ্কার নির্মাণের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর মধ্যে ১০টি ইসরায়েলে, পাঁচটি সৌদি আরবে এবং দুটি লেবাননে নির্মাণের পরিকল্পনা রয়েছে। জরুরি ভিত্তিতে এসব বাঙ্কার নির্মাণে ঠিকাদার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে মার্কিন সেনাবাহিনী। কাজ শেষ করার জন্য ঠিকাদারদের সময় দেওয়া হবে মাত্র ৪৫ দিন।

সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অস্ত্র থেকে ছোড়া গোলাবর্ষণ এবং পরোক্ষ হামলার মধ্যেও অক্ষত থাকতে সক্ষম হবে বাঙ্কারগুলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে অপ্রচলিত কর্মী সুরক্ষা আশ্রয়কেন্দ্র যেমন, রূপান্তরিত পণ্যবাহী কনটেইনার জরুরি ভিত্তিতে প্রতিস্থাপন করে মানসম্মত ও শক্তিশালী কংক্রিটের বাঙ্কার নির্মাণের উচ্চ অগ্রাধিকারভিত্তিক প্রয়োজন দেখা দিয়েছে।’

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন একাধিক দেশে সম্ভাব্য শত্রুতাপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।

ইসরায়েলে ১০টি সম্পূর্ণ কার্যকর পরোক্ষ গোলাবর্ষণ প্রতিরোধী বাঙ্কার নির্মাণ করতে চায় মার্কিন সেনাবাহিনী। প্রতিটি বাঙ্কারে থাকবে শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ। প্রবেশ ও বের হওয়ার পথের এক মিটার দূরে বসানো হবে বিস্ফোরণ ও বোমার টুকরার আঘাত প্রতিরোধী বিশেষ দেয়াল, যেগুলো ‘আলাস্কা ব্যারিয়ার’ নামে পরিচিত। এসব দেয়ালের উচ্চতা হবে তিন মিটার এবং প্রতিটির ওজন প্রায় ৬ দশমিক ১ টন।

বাঙ্কারগুলোতে স্নাইপার হামলা ঠেকানোর ব্যবস্থাও থাকবে। ছাদে ১৮ ইঞ্চি পুরু বালুর বস্তার স্তর এবং দুই পাশে চার ফুট পুরু বালুর বস্তার সুরক্ষা দেওয়া হবে।

জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে ঠিকাদারদের দরপত্র বা মূল্যপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিন সময় রেখেছে মার্কিন সেনাবাহিনী। ঠিকাদার নির্বাচন হলে ৪৫ দিনের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্যন্ত জরুরি পরিচালনাগত প্রয়োজনের কারণে পরবর্তী দরপত্র আহ্বানে মূল্যপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিনের সংক্ষিপ্ত সময়সীমা রাখা হবে।’

বাঙ্কারগুলো ঠিক কোন কোন স্থানে নির্মাণ করা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, দরপত্র আহ্বানের সময় যাচাই করা যোগ্য ঠিকাদারদের নির্দিষ্ট সামরিক ঘাঁটির নাম ও অবস্থানাঙ্ক জানানো হবে।

তবে ইসরায়েলে বাঙ্কারগুলো বিমানবাহিনীর ঘাঁটিতে নির্মিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত রয়েছে। সেখানে বলা হয়েছে, আগাম অনুমতি ছাড়া ঠিকাদাররা বিমানঘাঁটির আবর্জনা সংগ্রহের পাত্র কিংবা অন্য কোনো স্থানে নির্মাণসামগ্রী ফেলতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে কিছু নির্দিষ্ট রাসায়নিক ও উপাদান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পারদ, সিসা, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, টলুইন, অ্যাসবেস্টস, ক্লোরিনযুক্ত দ্রাবক, পলিক্লোরিনেটেড বাইফেনাইলস (পিসিবি), হাইড্রোলাইজযোগ্য ক্লোরিন যৌগ এবং ইথিলিনভিত্তিক গ্লাইকল ইথার ও এর অ্যাসিটেট। এসব উপাদান উড়োজাহাজের কাঠামো, বিভিন্ন ব্যবস্থা, কর্মক্ষমতা, স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তায় প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলতে পারে।

ইরান উপসাগরীয় দেশগুলোর দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হামলাকারী ড্রোন ছুড়ে চলার মধ্যে বাঙ্কার নির্মাণের এ উদ্যোগ নেওয়া হলো। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে সরাসরি ইরানি ড্রোন আঘাত হানলে কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া জর্ডানসহ পুরো অঞ্চলে মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কয়েক শ কোটি ডলারে।

গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে নতুন শক্তিশালী আশ্রয়কেন্দ্র প্রয়োজন।

অঞ্চলটি সফরের সময় তিনি বলেন, ‘ঘাঁটির কমান্ডারদের সঙ্গে, ইসরায়েলে আমাদের মিত্রদের সঙ্গে এবং অন্যদের সঙ্গে কথা বলে বলতে পারি, দ্রুত এসব বাঙ্কার স্থাপন এবং পরে সেগুলোর সুরক্ষা আরও উন্নত করা পুরো অঞ্চলের অগ্রাধিকার। একইভাবে আকাশ প্রতিরক্ষা ও বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও অগ্রাধিকার।’

ওই মাসের শেষ দিকে মার্কিন স্পেস ফোর্সও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে কয়েক সপ্তাহের মধ্যে, এমনকি চুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেও জর্ডানে পৌঁছে দেওয়া সম্ভব; এমন আগে থেকে তৈরি ও পরিবহনযোগ্য শক্তিশালী আশ্রয়কেন্দ্র সরবরাহ করতে সক্ষম প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়। এসব আশ্রয়কেন্দ্র বিস্ফোরণ ও বোমার টুকরার আঘাত থেকে সেনাদের সুরক্ষা দেওয়ার জন্য তৈরি।

ইরানের সঙ্গে প্রথম যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে, এমনকি ইসরায়েলেও যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক উড়োজাহাজ ও হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।

ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের কাজ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলে স্থানান্তর করা হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে ওভদা বিমানঘাঁটিতে কয়েক ডজন পরিবহন উড়োজাহাজ অবতরণ করেছে।

২৭ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি সি-১৭ পরিবহন উড়োজাহাজ ওভদায় অবতরণ করে। এর মধ্যে ১১টি এসেছিল টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে, যেখানে মার্কিন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ইউনিটের অবস্থান। পরদিন ৩ নভেম্বর একই পথে আরও ১৬টি উড়োজাহাজ চলাচল করে। এ ছাড়া ইসরায়েলে অন্তত একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন রয়েছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *