‘বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই’—জীবন সম্পর্কে এমন ইতিবাচক বিস্ময়ই যেন বারবার ফিরে এসেছে হুমায়ূন আহমেদের লেখায়। তার গল্প-উপন্যাসের চরিত্ররা কেবল বইয়ের পাতায় আটকে থাকেনি, জায়গা করে নিয়েছে কয়েক প্রজন্মের পাঠকের ব্যক্তিগত জীবনেও। বইমেলায় একসময় তার উপস্থিতি মানেই ছিল পাঠকের উপচে পড়া ভিড়। নতুন বই হাতে পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষা, লেখককে একনজর দেখা কিংবা প্রিয় বইয়ে তার স্বাক্ষর নেওয়ার আকুলতা—সব মিলিয়ে হুমায়ূন আহমেদকে ঘিরে তৈরি হয়েছিল এক অনন্য সাংস্কৃতিক উন্মাদনা। বইমেলার সেই দৃশ্য এখনো বাংলা সাহিত্যের পাঠকসমাজের স্মৃতিতে উজ্জ্বল। বাংলাদেশের জনপ্রিয়তম সেই কথাসাহিত্যিকের ৭৮তম জন্মদিন আজ।
বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ এমন এক লেখক, যিনি পাঠক তৈরির পাশাপাশি পাঠের অভ্যাসকেও নতুন মাত্রা দিয়েছিলেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাহিত্যে জনপ্রিয় ধারার বিকাশে তার ভূমিকা অনস্বীকার্য। সাহিত্যের জটিল তত্ত্ব কিংবা দুরূহ ভাষার পরিবর্তে তিনি বেছে নিয়েছিলেন সহজ, স্বতঃস্ফূর্ত ও কথোপকথননির্ভর গদ্য। তার লেখার ভাষা ছিল মানুষের মুখের ভাষার কাছাকাছি। ফলে মধ্যবিত্ত
পরিবারের দৈনন্দিন জীবন, প্রেম-বিরহ, হাসি-কান্না, পারিবারিক টানাপোড়েন, নিঃসঙ্গতা, রহস্য ও মানবমনের বিচিত্র অনুভূতি সহজেই পাঠকের কাছে পৌঁছে যেত। তার লেখায় সাধারণ মানুষের জীবনও হয়ে উঠেছে অসাধারণ এক আখ্যান।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়জুর রহমান আহমদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে তিনি সেখানেই শিক্ষকতা শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে শিক্ষকতার পরিচয় ছাপিয়ে শেষ পর্যন্ত তিনি হয়ে ওঠেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক।
১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যজগতে নিজের শক্তিশালী উপস্থিতি জানান দেন হুমায়ূন আহমেদ। বইটি প্রকাশের পর সাহিত্যবোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন তরুণ এই লেখক। তারপর একের পর এক উপন্যাস, গল্প ও নাটক রচনা করে তিনি গড়ে তোলেন স্বতন্ত্র সাহিত্যভুবন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘কোথাও কেউ নেই’, ‘দেয়াল’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘কবি’, ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আগুনের পরশমণি’। তার সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র বাংলা সাহিত্যে পেয়েছে স্বতন্ত্র জনপ্রিয়তা। বিশেষ করে হিমু যেন একসময় তরুণ পাঠকের কাছে হয়ে উঠেছিল জীবনকে দেখার অন্য রকম এক দর্শন। আর যুক্তি, মনস্তত্ত্ব ও রহস্যের মিশেলে নির্মিত মিসির আলী চরিত্র পাঠককে নিয়ে গেছে মানুষের মনোজগতের গভীরে।
তবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসেও তিনি তৈরি করেছেন স্বতন্ত্র অধ্যায়। আশির দশকে টেলিভিশন নাট্যকার হিসেবে তার আবির্ভাব ঘটে। ‘প্রথম প্রহর’ দিয়ে শুরু করে ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো নাটক ও ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের ঘরে ঘরে পৌঁছে যান। তার নাটকের চরিত্র, সংলাপ, হাস্যরস ও জীবনঘনিষ্ঠ গল্প দর্শকের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে উঠেছিল। ‘কোথাও কেউ নেই’ নাটকের বাকের ভাই চরিত্রের পরিণতি নিয়ে দর্শকদের প্রতিবাদ ও আবেগ বাংলাদেশের টেলিভিশন ইতিহাসে এক বিরল ঘটনা। নাটকের একটি কাল্পনিক চরিত্রকে ঘিরে এমন গণআবেগ তার সৃষ্টিশীলতার প্রভাবেরই সাক্ষ্য দেয়।
চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ১৯৯৪ সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন তার প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে স্বীকৃতি পায়। এরপর ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘আমার আছে জল’ ও ‘ঘেটুপুত্র কমলা’ নির্মাণ করেন। তার চলচ্চিত্রে গল্প বলার নিজস্ব ভঙ্গি, সংগীতের ব্যবহার, প্রকৃতির উপস্থিতি ও মানবিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি বিশেষভাবে লক্ষণীয়। চলচ্চিত্রের জন্য গানও লিখেছেন তিনি। ‘একটা ছিল সোনার কন্যা’, ‘আমার ভাঙা ঘরে’ কিংবা ‘যদি মন কাঁদে’সহ তার লেখা ও ব্যবহৃত গান শ্রোতাদের মধ্যে আজও জনপ্রিয়।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে একুশে পদক লাভ করেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা দুই শতাধিক। একসময় অমর একুশে বইমেলায় তার নতুন বই প্রকাশ ছিল প্রকাশক ও পাঠকদের কাছে বিশেষ আকর্ষণের বিষয়। বাংলাদেশের প্রকাশনা শিল্পের বিকাশ এবং বইকে বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তার জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
২০১১ সালে তার শরীরে মলাশয়ের ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর দীর্ঘ লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পরে গাজীপুরের পিরুজালীতে নিজ হাতে গড়ে তোলা নুহাশপল্লীতে তার প্রিয় লিচুতলায় তাকে সমাহিত করা হয়।
হুমায়ূন আহমেদের মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু তার বইয়ের নতুন সংস্করণ প্রকাশ, নাটক-চলচ্চিত্রের পুনঃপ্রচার এবং নতুন প্রজন্মের পাঠকের মধ্যে তার সাহিত্য নিয়ে আগ্রহ প্রমাণ করে, তিনি কেবল একটি সময়ের জনপ্রিয় লেখক নন। বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতির স্মৃতি, আবেগ ও কল্পনার জগতে তিনি এক স্থায়ী উপস্থিতি। তার সৃষ্ট চরিত্ররা আজও পাঠকের সঙ্গে কথা বলে, তার গল্পের মানুষগুলো জীবনের চেনা অলিগলিতে হেঁটে বেড়ায়।
প্রিয় কথাশিল্পীর এবারের জন্মদিনটিও প্রতিবারের মতো তার জন্মস্থান নেত্রকোনা এবং নুহাশপল্লী ছাড়াও সারা দেশে ভক্ত-অনুরাগীদের আবেগ ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হচ্ছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রয়েছে পৃথক আয়োজন।





