ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের উপকূলীয় শহর ধুবাব থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের খবর নাকচ করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুথি সমর্থক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়, সরকারি বাহিনী ধুবাব শহর থেকে সরে যাচ্ছে।
তবে বিষয়টি যাচাই করে দাবিটিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়ের মিডিয়া ভেরিফিকেশন সেন্টার।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের মিডিয়া ভেরিফিকেশন সেন্টার বিষয়টি তদন্ত করে দেখেছে এবং দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে নিশ্চিত হয়েছে। সন্ত্রাসী হুথি মিলিশিয়া যে প্রচারণা চালাচ্ছে, তার কোনো সত্যতা নেই।’
সরকারি বাহিনী ধুবাব থেকে প্রত্যাহার হয়েছে, এমন খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে ইয়েমেন সরকার।





