মানবপাচার ও প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় আটকে থাকা ৩০৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড বিমানে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সফল এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।
দেশে ফেরা প্রত্যেককে আইওএম-এর পক্ষ থেকে ছয় হাজার টাকা নগদ সহায়তা ও খাবার সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন। তিনি জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, লিবিয়ায় অবস্থানরত এসব নাগরিক ইউরোপে উন্নত জীবনের আশায় মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছিলেন। দালালরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। তাদের মধ্যে অনেকেই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় আটক হন, আবার কেউ কেউ লিবিয়ায় শারীরিক নির্যাতন ও অপহরণের শিকার হয়েছিলেন।
এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনায় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আইওএম নিবিড়ভাবে কাজ করেছে। সরকার অবৈধ উপায়ে বিদেশযাত্রা নিরুৎসাহিত করার পাশাপাশি বিদেশে বিপদে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
