শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লিতে আগামী ২৯ ও ৩০ অক্টোবর দুই দিনব্যাপী ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে তীর্থস্থানজুড়ে ধর্মীয় প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এবারের তীর্থোৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘মানবতার জননী: ফাতেমা রাণী মা মারীয়া’। খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে এ তীর্থোৎসব ধর্মীয় বিশ্বাস, প্রার্থনা ও আধ্যাত্মিক সাধনার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, ১৯৯৮ সাল থেকে নালিতাবাড়ীর বারোমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লিতে ফাতেমা রাণী মা মারিয়ার তীর্থোৎসব উদযাপিত হয়ে আসছে। প্রতিবছর এ উপলক্ষে বিভিন্ন স্থান থেকে খ্রিষ্টধর্মাবলম্বী পুণ্যার্থীরা তীর্থস্থানে সমবেত হন।
দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে পুণ্যার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও প্রার্থনার মধ্য দিয়ে তীর্থোৎসবটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
