নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় স্থানীয় সমসাময়িক নানা সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
সভায় যেসব বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়:
মাদক ও অপরাধ দমন: মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। এছাড়া রাতের বেলা ক্যারাম ও মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
চুরি ও অপরাধ প্রতিকার: সম্প্রতি নকলা এলাকায় চুরির ঘটনা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এর প্রতিকার ও প্রতিরোধে পুলিশ প্রশাসনের টহল ও তৎপরতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়।
যানজট নিরসন: নকলা শহরের যানজট পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং অটোরিকশাগুলো সুশৃঙ্খল নিয়ন্ত্রণে আনা গেলে যানজট সমস্যা আরও কমে আসবে বলে মত প্রকাশ করা হয়।
সামাজিক সমস্যা প্রতিরোধ: বাল্যবিয়ে রোধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ফেক আইডি ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সভায় বক্তব্য রাখেন যারা:
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন— নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রিপন চন্দ্র গোপ, নকলা উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক জনাব মোঃ আলহাজ্ব খোরশেদুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে জনাব মোঃ মহিউদ্দিন মুক্তার, জনাব মোঃ মোবাশ্বের আলী চৌধুরী টুটুন ও জনাব মোঃ চানমিয়া হক তালুকদার।
আরও বক্তব্য রাখেন ৭নং টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মহিউদ্দিন বুলবুল, নকলা উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মোঃ শরিফুল ইসলাম শরিফ, নকলা উপজেলা এনসিপি’র আহবায়ক জনাব মাহবুবুর রহমান বুলবুল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজ্ নাসরিন জাহান, নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচালক জনাব গোলাম মোস্তফা, নকলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মামুন মিয়া।
