জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে (TAKAICHI Sanae)-এর উষ্ণ আনুষ্ঠানিক অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-তে এ আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পাওয়ার কথা রয়েছে।
বিশেষ করে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে দুই দেশের আলোচনার কথা রয়েছে।
বাংলাদেশের জন্য জাপানের বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল করাও এ সফরের অন্যতম লক্ষ্য। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও দুই দেশের মধ্যে মতবিনিময়ের কথা রয়েছে।
কূটনৈতিক মহলের প্রত্যাশা, এ সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
