জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে তিনজনকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জামালপুর শহরের মাতৃসদন ও শিশু মঙ্গল কেন্দ্র সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় তিনজন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
এ ছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৬ উপলক্ষ্যে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জামালপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং সড়কে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
