নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় ৬ জন, ফতুল্লা মডেল থানায় ৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৯ জন, বন্দর থানায় ৮ জন, সোনারগাঁও থানায় ২৫ জন, রূপগঞ্জ থানায় ১২ জন এবং আড়াইহাজার থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা এলাকায় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজন এবং সোনারগাঁও থানা এলাকায় ৭২ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া সোনারগাঁও থানা এলাকা থেকে ১৫ জন মাদকসেবী ও তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, রূপগঞ্জ থানা এলাকা থেকে ছয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
