রাজধানীর মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ করতে অভিযান চালালে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সেখানে যায়। এ সময় তাদের সঙ্গে পুলিশও ছিল।
একপর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে সিটি করপোরেশনের গাড়িতে হামলা চালান। তাঁরা গাড়িটি ভাঙচুর করে পরে আগুন ধরিয়ে দেন।
দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর আইডিয়াল কলেজের সামনে ফুটপাতের ব্যবসায়ীদের অবস্থান করতে দেখা যায়। অন্যদিকে, মিরপুর–১০ নম্বর গোল চত্বর এলাকায় পুলিশ অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুর পৌনে ১২টার পরও উত্তেজনা চলছিল। তখন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। অন্যদিকে, ফুটপাতের ব্যবসায়ীরা ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশের সদস্যদের চেয়ে ফুটপাতের ব্যবসায়ীরা সংখ্যায় বেশি ছিল। তাঁদের ইটপাটকেলের মুখে পুলিশ পিছু হটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে হামলা, ভাঙচুর চালানা হয়েছে। সিটি করপোরেশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। হামলায় পুলিশ সদস্য ও সাংবাদিকেরা আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
