ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসন এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠে যায়।
বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ১.৮২ ডলার বা ১.৭৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬.১৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৫৫ ডলারে পৌঁছেছে।
এর আগে গত বৃহস্পতিবারও তেলের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি দেখা যায়। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৩.৪ শতাংশ বেড়ে ১০৬.৬০ ডলারে উঠেছিল। দিনের একপর্যায়ে দাম ১০৮ ডলারের কাছাকাছিও পৌঁছে যায়। তবে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে আলোচনার খবর প্রকাশিত হলে বাজার কিছুটা স্বস্তি পায় এবং ব্রেন্টের দাম কমে ১০৫.৭ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তাই বর্তমানে তেলের বাজারে অস্থিরতার অন্যতম প্রধান কারণ। মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ থেকে এক-চতুর্থাংশ পরিবহন করা হয়।
ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাব সরাসরি অপরিশোধিত তেলের দামে পড়ে। সংঘাত ও প্রণালিটির ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে সামনে তেলের বাজারে আরও ওঠানামা দেখা দিতে পারে।
