সেঞ্চুরিয়নে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পেছনে ভুল সিদ্ধান্ত ও মানসিক প্রস্তুতির ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন দলের সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা। তার মতে, দক্ষিণ আফ্রিকার বোলাররা চাপ তৈরি করলেও বাংলাদেশের ব্যাটারদের বেশির ভাগ উইকেট হারানোর পেছনে নিজেদের ভুলই দায়ী।
টেকনিক্যাল সামর্থ্য থাকার পরও বাউন্সি উইকেটে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না ব্যাটাররা। ইনিংসের শুরুতে তাড়াহুড়ো করা এবং নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার সমস্যাও কাটিয়ে ওঠা জরুরি বলে মনে করেন এই প্রোটিয়া কোচ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের টেস্টে ৪০০ রান করা দলটির এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশ মাকেতা। তার মতে, প্রতিপক্ষের বোলাররা ভালো বল করলেও এত সহজে উইকেট হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এ প্রসঙ্গে মাকেতা বলেন, ‘সব মিলিয়ে দিনটি খুব হতাশাজনক ছিল। স্কোরকার্ডই সেটি বলে দিচ্ছে। আমাদের মূল সমস্যা ছিল সিদ্ধান্ত নেওয়ার জায়গায়, যার ফলে কিছু সহজ উইকেট হারিয়েছি। ভালো বল ছিল, কিন্তু এভাবে গুটিয়ে যাওয়ার মতো যথেষ্ট ভালো বল প্রতিপক্ষ করেনি। আমরা জানি, আমাদের খেলোয়াড়দের টেকনিক্যাল সামর্থ্য আছে। এমন উইকেটে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতাম।’
প্রথম টেস্টে খুব বেশি প্রস্তুতি ছাড়াই ওয়ান্ডারার্সে গিয়ে বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল কোচিং স্টাফ। সেঞ্চুরিয়নেও সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা ছিল তাদের। কিন্তু দীর্ঘ বৃষ্টির বিরতির পর টস হেরে সবুজ উইকেটে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ সামলাতে পারেনি বাংলাদেশ।
মাকেতার মতে, এমন পরিস্থিতিতে মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘দেশের বাইরে আমরা খুব বেশি টেস্ট খেলিনি। ওয়ান্ডারার্সে ভালো করার পর এখানে এসে দীর্ঘ বৃষ্টির বিরতি, টস হেরে যাওয়া এবং অল্প সময়ের মধ্যে ব্যাটিংয়ে নামা—এসব ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আজ সম্ভবত এমন একটি দিন ছিল, যেদিন মানসিকভাবে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম। বিষয়টি বেশ হতাশাজনক।’
একই ধরনের ভুলের পুনরাবৃত্তি নিয়েও বিরক্তি প্রকাশ করেছেন মাকেতা। বিশেষ করে বাউন্সি উইকেটে ইনিংসের শুরুতে ধৈর্য ধরে খেলার পরিকল্পনা এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা বলে মনে করেন তিনি।
মাকেতা বলেন, ‘আউট হওয়ার ধরনগুলো দেখলে বোঝা যায়, এগুলো মূলত মানসিক ভুল। দক্ষিণ আফ্রিকাও আমাদের দেখছে। তারা জানে কোথায় বল করতে চায়, আমরাও জানি তারা কোথায় বল করবে। এই ভুলগুলো কমানোর জন্য আমরা অনেক পরিশ্রম করছি। ইনিংসের শুরুতে তাড়াহুড়ো না করে সময় নিয়ে খেলতে পারলে আমরা আরও সফল হব। কিন্তু বাউন্সি উইকেটে এখনো সেই পরিকল্পনা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি।’
ব্যাটারদের মানসিক প্রস্তুতি ও ধৈর্য বাড়াতে কাজ করার কথাও জানিয়েছেন বাংলাদেশের এই সহকারী কোচ। তার মতে, এক বল থেকে পরের বল কিংবা এক ওভার থেকে পরের ওভারে যাওয়ার সময় অযথা তাড়াহুড়ো করাও ব্যাটিংয়ে নেতিবাচক প্রভাব ফেলে।
এ বিষয়ে তিনি বলেন, ‘ইনিংসের শুরুতে মানসিকভাবে নিজেদের প্রস্তুত করার বিষয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কাজ করছি। ব্যাটিং শুরু করার আগে কীভাবে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হবে, বল করার আগে নিজেদের পরিকল্পনা ও প্রক্রিয়া কীভাবে অনুসরণ করতে হবে, সেগুলো নিয়ে কাজ করছি। এক ওভার থেকে আরেক ওভারে কিংবা এক বল থেকে পরের বলের আগে আমরা কতটা তাড়াহুড়ো করি, এই ছোট বিষয়গুলো একজন ব্যাটার কীভাবে নিজের ইনিংস সাজাবে, তার ওপর অনেক বড় প্রভাব ফেলে। আমরা বিষয়গুলো চিহ্নিত করেছি, এগুলো নিয়ে কাজ করছি। আমি নিশ্চিত, আমরা ঠিকই উন্নতি করতে পারব।’
সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দায় শুধু টেকনিকের ওপর চাপাতে চান না মাকেতা। দক্ষিণ আফ্রিকার বোলারদের তৈরি করা চাপের কথা স্বীকার করলেও ব্যাটারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ধৈর্য ও মানসিক প্রস্তুতিতে উন্নতির প্রয়োজন দেখছেন তিনি।





