ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকারের অভিনয় ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ফুফু চরিত্র। এই চরিত্রে অভিনয় করে দর্শকের বিপুল ভালোবাসা পেয়েছেন তিনি। এবার একই পরিচালকের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্র রুকাইয়া হয়েও প্রশংসা পাচ্ছেন দীপা। দীপা বলেন, ‘নেতিবাচক চরিত্র হওয়ায় শুরুতে দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কিছুটা চিন্তিত ছিলাম। তবে প্রচারের পর দর্শক চরিত্রটির নেতিবাচক দিক নিয়ে খুব বেশি সমালোচনা করছেন না।’ এদিকে রাজের পরিচালনায় নতুন একটি একক নাটকেও কাজ করবেন দীপা। পাশাপাশি মহিদুল মহিমের ‘কেমন আছো’ ও চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।




