দেশে প্রায় দুই কোটি মানুষ ডায়াবেটিসে ভুগছে বলে জানিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
তিনি বলেন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন এবং শারীরিক পরিশ্রমের অভাব ডায়াবেটিসের অন্যতম কারণ। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর মতিঝিলে হাই পয়েন্ট ডায়া-আটা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাবারে পুষ্টিগুণ ও আঁশসমৃদ্ধ খাবার রাখা এবং পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যায়।




