মুন্সিগঞ্জ প্রতিনিধি
অটোরিকশায় ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অটোরিকশাচালক মো. শরীফ ইসলাম। এ কাজে সহযোগিতা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের সিপাহীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা মিলন বালা সিপাহীপাড়া মোড়ে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ একটি ব্যাগ গাড়িতে ফেলে চলে যান। পরে অটোরিকশাচালক শরীফ ইসলাম ব্যাগটি দেখতে পেয়ে প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। তবে মালিককে খুঁজে না পেয়ে তিনি মুক্তারপুর ট্রাফিক দায়িত্বে নিয়োজিত এটিএসআই হাবিবুর রহমানকে বিষয়টি জানান।
পরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ব্যাগের প্রকৃত মালিক মিলন বালাকে শনাক্ত করা হয়।
পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি তুলে দেন।
হারানো ব্যাগ ও এর ভেতরে থাকা টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন মিলন বালা। এ সময় তিনি অটোরিকশাচালক শরীফ ইসলাম এবং মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান।
একটি হারানো ব্যাগ ফিরিয়ে দেওয়ার এ ঘটনা সততা, দায়িত্ববোধ ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। অটোরিকশাচালক শরীফ ইসলামের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে সততা ও পারস্পরিক আস্থার গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে।
