Skip to content
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতীয়

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

Facebook X WhatsApp Telegram

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে।’

এর আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। সভায় মালিকপক্ষের প্রতিনিধি শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেন। তবে সেই প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

সভা শেষে বিকেল পাঁচটার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মালিকপক্ষের প্রস্তাব জমা পড়েছে। এখন উভয় পক্ষ প্রস্তাবগুলো পর্যালোচনা করবে। এরপর প্রয়োজন হলে সংশোধিত প্রস্তাব দেওয়া হবে এবং এ বিষয়ে আলোচনা চলবে।

মালিকপক্ষের প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার বিষয়ে বোর্ডের চেয়ারম্যান বলেন, আলোচনা শেষ হওয়ার আগে কোনো অঙ্ক প্রকাশ করলে কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হতে পারে। বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার চূড়ান্ত মজুরি নির্ধারণ করবে। পরে তা বাস্তবায়নের দায়িত্ব থাকবে মালিকপক্ষের ওপর।

শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা নিয়েও কথা বলেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তা অস্বীকার করার সুযোগ নেই। তবে শ্রমিকদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে তুলে ধরা উচিত। গাড়ি ভাঙচুরের মতো কর্মকাণ্ড কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না।’

বোর্ডের তৃতীয় সভায় চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া দুই পক্ষের বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

তবে মালিকপক্ষের দেওয়া প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। এর আগে গত ১৬ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় তিনি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিলেন।

শ্রমিকপক্ষের যুক্তি ছিল, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।

Ref: Kalbela

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *