Skip to content
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতীয়

নানা সংকটের মধ্যেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

Facebook X WhatsApp Telegram

দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে গত কয়েক মাসে বিভিন্ন হাসপাতালে নতুন করে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে শয্যাসংকটের কারণে বিপুলসংখ্যক রোগীকে বারান্দাসহ বিভিন্ন স্থানে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এ ধরনের রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ, যা অত্যন্ত দুঃখজনক ও কষ্টকর।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি বর্তমানে নানা সংকটের মধ্য দিয়ে গেলেও সরকার স্বাস্থ্যসেবার উন্নয়ন ও সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। সীমিত সম্পদ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত কয়েক মাসে দেশের হাসপাতালগুলোতে প্রায় ৩ হাজার ৫০০ শয্যা বাড়ানো সম্ভব হয়েছে।’

বুধবার জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে রোগীদের ভোগান্তি কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এদিকে, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় হাসপাতাল নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রশ্নে এবিএম মোশাররফ হোসেন বলেন, তার নির্বাচনী এলাকার রাঙ্গাবালী উপজেলায় প্রায় চার লাখ মানুষের বসবাস হলেও সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই। ফলে স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি সম্প্রতি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজান নানুর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর বিষয়টি উল্লেখ করে বলেন, উপজেলায় হাসপাতাল না থাকায় স্থানীয় বাসিন্দারা সময়মতো জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় রাঙ্গাবালীতে দ্রুত হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কামনা করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি জানতে চেয়েছেন, এ বিষয়ে আমি কোনো পদক্ষেপ গ্রহণ করবো কি না।

প্রধানমন্ত্রী হিসেবে সরাসরি আমি পদক্ষেপ নিতে পারব না। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে।

তবে স্বাস্থ্যমন্ত্রী দায়িত্বে ফিরলে তাকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারি, যাতে দ্রুত কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়।’

তিনি বলেন, ‘রাঙ্গাবালীর মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হবে।’

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *