Skip to content
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক

শি, ট্রাম্প ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের দিকে নজর জাতিসংঘের।

Facebook X WhatsApp Telegram

চলতি সপ্তাহে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো উদ্যোগ নেওয়া হলে তাতে সহায়তা করার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ‘অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস’ (আসিয়ান)-এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো কর্মসূচি নেওয়া হয়, তবে আমরা তাতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হতে এবং তা সফল করতে অবদান রাখতে প্রস্তুত আছি।

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমরা এমনটাই দেখতে চাই। তবে আমরা শেষ পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারব কি না, তা এখনো নিশ্চিত নয়। হোয়াইট হাউস গত সপ্তাহে জানিয়েছে, ১৯ নভেম্বর চীনে রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধান ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়টি উত্থাপন করবেন।

ট্রাম্পের চার দিনের এশিয়া সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি ফিলিপাইনে পৌঁছাবেন। সেখানে তিনি আসিয়ান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ‘কোয়াড’ জোটের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এই জোটে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র রয়েছে। গত দুই বছরের মধ্যে এটি হবে এই জোটের প্রথম বৈঠক।

পুতিন, শি এবং ট্রাম্প চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। তিন নেতার এই বিশেষ বৈঠকে পারমাণবিক অস্ত্র কমানোর বিষয়ে ট্রাম্পের জোর দেওয়ার বিষয়টি বেইজিংকে ক্ষুব্ধ করেছে। কারণ চীন দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনায় জড়ানো থেকে বিরত থেকেছে।

চীনের ভাষ্যমতে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকায় তাদের নিজেদের মধ্যেই সরাসরি আলোচনা করাটা বেশি যৌক্তিক। জাতিসংঘ দীর্ঘদিন ধরেই পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে কথা বলে আসছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং বড় শক্তিগুলোর মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা বিশ্বজুড়ে পারমাণবিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

গুতেরেস ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সংঘাত নিরসনে কূটনৈতিক সমাধানের জন্য জাতিসংঘের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প শীর্ষ বৈঠকে এই বিষয়টিও উত্থাপন করতে পারেন। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ক্ষেত্রে বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রেক্ষাপটে আমাদের যা প্রয়োজন তা হলো একটি আন্তরিক কূটনৈতিক আলোচনা প্রক্রিয়া। এর উদ্দেশ্য হওয়া উচিত এমন এক পরিস্থিতির অবসান ঘটানো, যা না শান্তি, না যুদ্ধ। এমন এক অবস্থায় আটকে আছে এবং বিশ্ব অর্থনীতির ওপর যার ধ্বংসাত্মক প্রভাব পড়ছে।

সূত্র: রয়টার্স।

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *