Skip to content
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
জাতীয়

রোহিঙ্গারা আইসিজেতে রায়ের অপেক্ষায়

Facebook X WhatsApp Telegram

সাত বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা গাম্বিয়ার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বৃহস্পতিবার। এই রায়ের জন্য অধীর আগ্রহে আছেন উখিয়া-টেকনাফ ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গারা।

রায় রোহিঙ্গাদের পক্ষে এলে নতুন করে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। এই রায় ঘিরে এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। কেউ রাখছেন রোজা, কেউ করছেন পবিত্র কোরআন খতম, আবার কেউ নফল ইবাদতে সৃষ্টিকর্তার কাছে ন্যায়বিচার প্রার্থনা করছেন।
আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাশা, দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও অন্যায়ের যথাযথ বিচার হবে।
আর এই রায়ের মধ্য দিয়ে তাঁদের নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার পথ তৈরি হবে। রোহিঙ্গারা বলছেন, তাঁদের কাছে এটি সাধারণ কোনো মামলার রায় নয়, এর সঙ্গে জড়িত তাঁদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার, নিরাপত্তা, নাগরিকত্ব ও হারানো মর্যাদা ফিরে পাওয়া। একই সঙ্গে গণহত্যার বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইনের কার্যকারিতারও পরীক্ষা।

যে কারণে আন্তর্জাতিক আদালতে মামলা :

মিয়ানমারের রাখাইন রাজ্যে শতবর্ষ ধরে বসবাস করে আসছিলেন রোহিঙ্গা মুসলিমরা।

তাঁদের অভিযোগ, দেশটির জান্তা সরকার দীর্ঘকাল ধরে তাঁদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। ওই অভিযানে হত্যা, ধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জীবন রক্ষায় ওই সময় অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সব মিলিয়ে বর্তমানে প্রায় ১৪ লাখ (তবে আরআরআরসি কার্যালয়ের হিসাবে ১২ লাখ) রোহিঙ্গা বাংলাদেশে আশ্রিত।

জাতিসংঘের মিয়ানমারবিষয়ক তথ্যানুসন্ধান মিশনও অভিযানটিকে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করেছে। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি করে গাম্বিয়া। দেশটির অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল গণহত্যা। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।

 

১৯ নভেম্বর গণহত্যা মামলার রায় : আইসিজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরের ১২ থেকে ২৯ জানুয়ারি মামলার মূল শুনানি অনুষ্ঠিত হয়। ওই সময় গাম্বিয়ার পক্ষে তিনজন সাক্ষী ও একজন বিশেষজ্ঞ এবং মিয়ানমারের পক্ষে একজন সাক্ষীর বক্তব্য পরীক্ষা করা হয়। শুনানি শেষে জানানো হয়, গাম্বিয়ার করা ঐতিহাসিক মামলাটির রায় আগামী ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসের প্রকাশ্য অধিবেশনে শুরু হবে। আদালতের প্রেসিডেন্ট বিচারক ইওয়াসাওয়া ইউজি রায় পড়ে শোনাবেন। জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতে মামলাটি ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ নামে পরিচিত।

স্বজন হারানোর বেদনা নিয়ে আইসিজেতে সাক্ষ্য : মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের পক্ষে আন্তর্জাতিক বিচার আদালতে সাক্ষ্য দিয়েছেন নির্যাতনের শিকার রোহিঙ্গারাও। তাঁদের বর্ণনায় উঠে এসেছে ২০১৭ সালের সেই ভয়াবহ অভিযানের নির্মমতা ও স্বজন হারানোর বেদনা। আইসিজেতে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা ভুক্তভোগীরা জানিয়েছেন, আদালত ক্লোজডোরে তাঁদের বক্তব্য রেকর্ড করেছেন। আদালতে দেওয়া একজন সাক্ষীর পরিবারসহ আত্মীয়-স্বজন মিলে ৫৬ জন সদস্য ২০১৭ সালের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

তিন সাক্ষী ও চার ভিকটিম ডেলিগেট : বেসরকারি সংস্থা লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড (এলএডাব্লিউ) কালের কণ্ঠকে জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে সহায়তা দিতে সংস্থাটির সঙ্গে একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সাক্ষী এবং ভিকটিম ডেলিগেট সংস্থাটির দায়িত্বে আদালতে যাওয়া-আসা করবে। সেই অনুযায়ী মোট সাতজন রোহিঙ্গাকে সাক্ষী দিতে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে তিনজন সশরীরে আদালতে উপস্থিত হয়ে জবানবন্দি দেন। মামলার শুরুতে ২০১৯ সালে ৩০০ পৃষ্ঠা  এবং পরবর্তী সময়ে আরো ৩০০ পৃষ্ঠা মোট ৬০০ পৃষ্ঠা রোহিঙ্গাদের লিখিত সাক্ষ্য গাম্বিয়াকে পৌঁছে দেয় সংস্থাটি। এর মধ্যে ২২ জনের জবানবন্দি ছিল। যখন মিয়ানমার এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, তখন গত জানুয়ারিতে ২২ জনের মধ্যে তিনজনকে সরাসরি জেরা করে তাঁদের বক্তব্য ক্রস চেক করা হয়। সংস্থাটি আরো জানায়, আদালতে তিনজন রোহিঙ্গা সাক্ষী ছাড়াও আরো চারজন ভিকটিম ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন।

ক্যাম্পে ক্যাম্পে রোহিঙ্গাদের প্রার্থনা : আইসিজে আদালতের গণহত্যা মামলার রায় নিয়ে বর্তমানে উখিয়া, টেকনাফ ও ভাসানচরের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে চলছে প্রার্থনা। রোহিঙ্গাদের ঘরে ঘরে রায়ে শুভ সংবাদ ঘোষণার আশায় দোয়া-দরুদ পড়া হচ্ছে। কেউ রোজা রাখছেন, কেউ নফল ইবাদত করছেন।

উখিয়ার কুতুপালং এক নম্বর ক্যাম্পের আব্বাসী নামের এক রোহিঙ্গা নারী কালের কণ্ঠকে বলেন, ‘আগামী ১৯ নভেম্বর আদালতের রায় আল্লাহর রহমতে আমাদের পক্ষে আসবে। এ জন্য আমি রোজা রাখছি।’ একই ক্যাম্পের মৌলভি নুরুজ্জামান নামের এক বৃদ্ধ রোহিঙ্গা বলেন, ‘এই রায় আমাদের দেশে ফিরে যাওয়ার ভাগ্য নির্ধারণী রায়, তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।’

রোহিঙ্গা সংগঠনের নেতারা যা বলছেন : আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রথম সভাপতি সাঈদ উল্লাহ বলেন, ‘আমি আশা করি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় ঐতিহাসিক হবে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করবে। দীর্ঘ ৯ বছর ধরে আমরা এই চূড়ান্ত রায়ের অপেক্ষায় আছি। এটি আমাদের কাছে কেবল একটি মামলা নয়; বরং বছরের পর বছর ধরে আমাদের জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন, ক্ষয়ক্ষতি ও অবিচারের স্বীকৃতি পাওয়ার লড়াই।’

রোহিঙ্গা কমিটি ফর পিস অ্যান্ড রিপাট্রিয়েশনের (আরসিপিআর) সভাপতি দীল মোহাম্মদ বলেন, ‘আমরা চিরকাল আশ্রিত হিসেবে থাকতে চাই না। রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে নিজস্ব প্রতিনিধিদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকেও কার্যকর জাতীয় নীতি গ্রহণ করতে হবে। আমাদের চূড়ান্ত প্রত্যাশা, অধিকার, মর্যাদা ও নাগরিকত্বের স্বীকৃতি নিয়ে নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়া।’

আরআরআরসি যা বলেছেন : কক্সবাজারের রোহিঙ্গা প্রশাসনের প্রধান এবং সরকারের অতিরিক্ত সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আদালতের এ রায় রোহিঙ্গা সংকটকে নতুন করে আন্তর্জাতিক আলোচনার টেবিলে নিয়ে আসবে। এতে রোহিঙ্গাদের নৈতিক অবস্থান আরো শক্তিশালী হবে। মিয়ানমারই যে তাদের নিজ দেশ, সে দাবিও আন্তর্জাতিক পরিসরে আরো জোরালো ভিত্তি পাবে।’

তিনি বলেন, ‘এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের সব নির্যাতিত মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *